ছাত্ররাই দেশ গড়ার প্রধান শক্তি : বিএনসিসি মহাপরিচালক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:১৩:২৫ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর দুটি নতুন প্লাটুনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১টায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লাটুন দুটি উদ্বোধন করেন বিএনসিসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ (বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি)।
অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি ক্যাডেটরা মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করেন। পরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় তিনি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং নবনির্মিত বিএনসিসি অফিস কক্ষ উদ্বোধন করেন।
পরবর্তীতে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ বলেন, বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হলে সুশৃঙ্খল, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা জরুরি। এই দায়িত্ব সবচেয়ে বেশি বর্তায় শিক্ষার্থীদের ওপর। ছাত্ররা এগিয়ে এলে দেশ অবশ্যই সুন্দর হবে। তিনি বলেন, বিএনসিসির প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ তৈরি হয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর লেফটেন্যান্ট আমির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রফেসর সাদিকুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, বিএনসিসি কর্মকর্তা, ক্যাডেট, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





