২৪৮ অভিবাসী বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৭:১৬:৪৩ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: ব্ল্যাকলিস্ট করে ১৬ বাংলাদেশিসহ ২৪৮ অভিবাসী বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। ডিটেনশন ডিপো সুত্রে জানা গেছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহজুড়ে মালয়েশিয়ার জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ২৪৮ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ২১০, বাংলাদেশের ১৬, ভারতের ১২, কম্বোডিয়ার ৩, থাইল্যান্ডের ২, ভিয়েতনামের ২ এবং পাকিস্তান, ইয়েমেন ও চীনের একজন করে বন্দি।প্রত্যাবাসন কার্যক্রমে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, পাসির গুদাং ফেরি টার্মিনাল ও স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রত্যাবাসিত সব বন্দির বৈধ পাসপোর্ট ছিল। তবে কিছু বন্দির ক্ষেত্রে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে ইস্যুকৃত অস্থায়ী ভ্রমণ নথি বা ‘এমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ ব্যবহার করা হয়েছে।
প্রত্যাবাসনের টিকিট ব্যয়ের অর্থায়ন করা হয়েছে বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে। প্রত্যাবাসনের পর সকল বন্দিকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষ করা বন্দিদের দেশে অবৈধভাবে অবস্থান রোধে পাইনঅ্যাপল টাউন ডিটেনশন ডিপোতে বন্দি প্রত্যাবাসনই প্রধান কার্যক্রম হিসেবে নিয়মিত পরিচালিত হচ্ছে।





