তোয়াকুল প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকেও ক্রীড়া সংস্কৃতি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৭:৩২:০৬ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯৩৫ সালে স্থাপিত হলেও আজ পর্যন্ত মাঠ ভরাট না হওয়ায় ক্রীড়া সংস্কৃতিতে কোমলমতি শিক্ষার্থীদের মনে বিষাদের কালোছায়া ছড়িয়ে দিয়েছে। বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যেতে হয়। নিত্য দিনের সমাবেশ, শিশুসুলভ সুপ্ত মনোভাবের বিকাশের সুযোগ নেই তাদের। নীচু মাঠই তাদের দু:খের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশহাজার বর্গফুট এরিয়ার মাঠটি নীচু হওয়ায় সারা বছরই পানি ও কর্দমাক্ত থাকে। বিদ্যালয়ে সুরম্য একাডেমিক ভবন থাকলেও সারাদিন শ্রেণীকক্ষেই তাদের আবদ্ধ থাকতে হয়। বিদ্যালয় প্রাঙ্গণ পিচ্ছিল থাকায় শিক্ষার্থীরা পড়ে গিয়ে বই খাতা বিনষ্ট করে ব্যহত হয় পাঠগ্রহণ। মাঠটি মাত্র দু ফুট উঁচু হলেই ব্যবহার উপযোগী হয়ে উঠবে বলে জানান প্রধান শিক্ষক আইয়ুব আলী। তিনি বলেন, মাঠের সমস্যা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠ ভরাটের জন্য এসএমসির সভাপতি, পিটিআই সভাপতি, প্রধান শিক্ষক ও সদস্য মিলে ৮ ডিসেম্বর ইউএনও বরাবরে আবেদন করেছি। শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রত্যাশা মাঠভরাটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কোমলমতি শিশুদের বেদনা দূরীভুত করে আনন্দঘন করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হবেন।





