র্যাবের পৃথক অভিযানে আটক ৪
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৮:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে মাদক ও ভারতীয় পণ্যসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৯। সিলেট ও হবিগঞ্জ থেকে তাদেরকে আটক করে র্যাব। রোববার (২৮ ডিসেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাতে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি করে সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— হবিগঞ্জ জেলার বাহুবল থানার রঘুরামপুর মিরপুরবাজার এলাকার হরেন্দ্র দেবের ছেলে উজ্জল দেব (৩২) ও একই এলাকার আব্দুর রউফের ছেলে মো. শাহজাহান মিয়া (৩২)। রোববার সকালে আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হলে পুলিশ মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এদিকে, একই দিনে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকাগামী মহাসড়কে পৃথক চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় ৯৪ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পারনিখলা এলাকার আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল থানার আকিতারা এলাকার মৃত ফারুক আহমদের ছেলে তানভির আহমদ শামীম (৪২)।
র্যাব জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে এসব বিদেশি সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





