গোয়াইনঘাটে শর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘটনা হিসাবে প্রচার : পুলিশের বিবৃতি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৯:৫৪:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে গোয়াইনঘাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তির দুর করতে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরেছে সিলেট জেলা পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে এক বিবৃতিতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসাবে প্রচার করা হচ্ছে বলে সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ অপপ্রচার।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার জানান, প্রকৃতপক্ষে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা সাড়ে ৩ টার সময় গোয়াইনঘাট থানাধীন ৭নং নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামে মৃত বীরেন্দ্র কুমার দেবের পুত্র বিকাশ রঞ্জন দেবের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরবর্তিতে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে ভিকটিমের পরিবারের সাথে থানা পুলিশ কর্তৃক যোগাযোগ করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে শর্ট-সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগুন লাগার বিষয়ে ভিকটিমের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই উক্ত বিষয়ে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট জেলা পুলিশ।





