আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদানের হিড়িক!
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:০২:৩৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের পদবীধারী নেতাদের বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। এদের অনেকের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের অপকর্মের অংশীদার ও দোসর হিসেবে রয়েছে মামলা। অনেকে কারাবরণ করে জামিনে বেরিয়েছেন। আবার অনেকে গ্রেফতার আতংকে প্রকাশ্যে ছিলেন না।
সোমবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় বিএনপিতে যোগদানকারিরা হলেন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম টেক্কা ও আব্দুস সালাম সোনামনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সেবুল, ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাল মিয়া, যুবলীগ নেতা ফখরুল ইসলাম ফখই প্রমুখ।
আওয়ামী লীগের নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে বিএনপিতে বরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন, বিএনপি নেতা মজাইদ আলী, আব্দুস সহিদ পটল ও যুবদল নেতা সাইফুর রহমান প্রমুখ।
এদিকে শনিবার রাতে দলীয় এক নির্বাচনী সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মালা পরিয়ে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৬ নেতাকে বিএনপিতে বরণ করে নিয়েছেন।





