হ্যাঁ’র পক্ষে ভোট দিলে দেশের চেহারা পাল্টে যাবে : ধর্ম উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:০৯:২১ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দিলে দেশের চেহারা বদলে যাবে। নতুন ইতিহাস গড়বে। গণভোট মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
সোমবার বিকেলে মৌলভীবাজারে গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও আগামীর বিরোধী দলের বিষয়ে বলেন, আগামী সরকারের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকার আসবে। তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা যাবে বিরোধী দলসহ মিলে সমাধান করতে হবে। এটি জুলাই সনদে রয়েছে।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমাদের এখানে একবার যদি ক্ষমতার চেয়ারে বসতে পারি ছলে বলে কৌশলে সারা জীবনের জন্য বন্দোবস্ত করতে চাই। তিনি বলেন, আগামী ১২ জানুয়ারি নির্বাচন হবে। আমরা ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার সহকর্মী অনেকে কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছেন।
জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আয়োজিত সম্মেলনে জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে ও সাবেক জেলার শিশু বিশেষ কর্মকর্তা জসীম উদ্দীন’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন সহ অনেকে।





