সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থী মাদানীর প্রচারণা শুরু
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৬:২০:১০ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে প্রচার মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আসনটির ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেন তিনি।
এতে সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী প্রধান অতিথি ছিলেন। এ সময় সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন, পৌর সেক্রেটারি ডাক্তার হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ অঞ্চল জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা সমর্থনে দ্বিতীয় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাক্তার আব্দুল কুদ্দুস।
এদিকে, দোয়ারাবাজার উপজেলার ৯ টি ইউনিয়নে একই দিনে পৃথক পৃথকভাবে প্রচার মিছিল করে জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা। দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন’র দিকনির্দেশনায় উপজেলার ৯ টি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এসব মিছিল অনুষ্ঠিত হয়।





