শাবিতে চোর আটক, পুলিশে সোর্পদ
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৫:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ বিল্ডিং সংলগ্ন জিইবি বিভাগের ওয়ার্কশপে ‘এসি’র কপার পাইপ চুরি করার সময় নিরাপত্তাকর্মীদের কাছে হাতেনাতে আটক হয়েছে এক চোর। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাকে জালালাবাদ থানায় সোপর্দ করেন। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা) মোহাম্মদ ফারুক মিয়া জানান, আমরা তার কাছ থেকে তার সঠিক পরিচয় বের করতে পারিনি। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে তাকে থানায় সোপর্দ করে। সে আগেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে চুরি করেছে বলে স্বীকার করেছে।
জালালাবাদ থানা সূত্রে জানা যায়, আটক চোর সিলেটের জালালিয়া আবাসিক এলাকার মোশাহিদ আলীর ছেলে আব্দুল হান্নান। জালালাবাদ থানার ওসি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে একজন চোরকে চুরি করা অবস্থায় হাতেনাতে ধরে সোপর্দ করেছেন। প্রশাসন কোন মামলা দায়ের করেনি। তবে আমরা তাকে ছেড়ে দেবো না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




