৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে জয় পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দল
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৭:৫২ অপরাহ্ন
সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এর বৃহস্পতিবারের খেলায় ব্রাহ্মণবাড়িয়া বনাম কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলের মধ্যকার ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল ৫ উইকেটে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। কিশোরগঞ্জ জেলা ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। কিশোরগঞ্জের পক্ষে ফজলে নাঈম অপরাজিত ৫০ রান, মো. সাকিব মিয়া ৩৮ রান, ওয়াসিক মোহাম্মদ উমর ২৭ রান ও অনিক শেখ ২০ রান সংগ্রহ করেন এবং ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে শাহদত হোসেইন ৩ উইকেট, শরিফুল ইসলাম ২ উইকেট ও মো. শামীম মিয়া ১ উইকেট লাভ করেন। পক্ষান্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ৩৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে মো. শামীম মিয়া অপরাজিত ৬০ রান, প্রসেনজিৎ দাস অপরাজিত ৩২ রান ও শাহদত হোসেইন ১৮ রান সংগ্রহ করেন এবং কিশোরগঞ্জের পক্ষে মাজহারুল ইসলাম ২ উইকেট এবং এ.এ.এম. রবিন, দীন মো. দুলু ও আর.এইচ.সিয়াম ১টি করে উইকেট লাভ করেন।
ম্যাচ পরবর্তী প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন। উক্ত ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দলের খেলোয়াড় মো. শামীম মিয়া (৫৮ বলে অপরাজিত ৬০ রান এবং ১০-০৩-২০-০১)। বিজ্ঞপ্তি




