নগরে বাইক ক্রয়-বিক্রিতে এসএমপির নতুন নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার রাতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতাদের অবশ্যই ক্রেতার ড্রাইভিং লাইসেন্স যাচাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরই মোটরসাইকেল হস্তান্তর করতে হবে। নির্দেশনা অমান্য করলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেলে করে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার পর নগরজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হলো।





