সংশোধিত গেজেট প্রকাশ : বদলে গেল গণভোটের ফল
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২:৫৫ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় পরিবর্তন এসেছে। সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এই গণরায়ে ‘হ্যা’ ও ‘না’ ভোট উভয়ই কমেছে। সংশোধনী গেজেটে ফলাফলের চেয়ে মোট প্রদত্ত ভোট ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কম।
বৃহস্পতিবার এ পরিবর্তনের বিষয়ে জানা যায়। এর আগে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ সংশোধনী প্রকাশ করা হয়।
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বেসরকারিভাবে গণভোটেরও ফলাফল ঘোষণা করেছিলেন ইসি সচিব। একই দিন রাতে ফলাফলের গেজেট জারি করা হয়েছিল। ১৩ ফেব্রুয়ারি ইসি সচিব গণভোটে হ্যাঁ ও না ভোট পড়ার যে সংখ্যা উল্লেখ করেছিলেন, ওই রাতে প্রকাশিত গেজেটের সঙ্গে তার গরমিল ছিল।
১৩ ফেব্রুয়ারি বিকেলে ইসি সচিব বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। এসময় জানানো হয়, সারা দেশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এরপর ইসি আসনভিত্তিক গণভোটের ফলাফল প্রকাশ করেছিল। সেখানে বেশ কিছু গরমিল নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ওই রাতে বেসরকারি ফলাফল সংশোধন করেছিল ইসি।
১৩ ফেব্রুয়ারি রাতে গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, গণভোটে মোট ভোট পড়ে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। ভোট বাতিল হয় ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। মোট বৈধ ভোট ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৮২ লাখ ৬৬০। ‘না’ ভোটের সংখ্যা ২ কোটি ২০ লাখ ৭১ লাখ ৭২৬।
গতকাল জারি করা সংশোধিত ফলাফলের গেজেটে বলা হয়েছে, গণভোটে মোট ভোট পড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬। মোট বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১। ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০। ‘না’ ভোটের সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১।
সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি ‘হ্যাঁ’ ভোট কমেছে। অন্যদিকে ‘না’ ভোটের সংখ্যা কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি।
বৈধ ভোট কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।
নির্বাচন কমিশন এই সংশোধনীর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার কথা আছে।




