জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিলে এম এ মালিক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা শাখা আয়োজিত দক্ষিণ সুরমায় উপহার কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক রাজনৈতিক সৌহার্দ্য, জাতীয় ঐক্য এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার ইফতার ও দোয়া মাহফিলে এম এ মালিক বলেন, এমন আয়োজনে আমন্ত্রণ পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি উপস্থিত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের জন্য, দেশের জন্য এবং দলের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
তিনি বলেন, আমাদের নেত্রী আমাকে লন্ডন থেকে দেশে এনে মানুষের সেবা করার নির্দেশ দিয়েছেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে নির্বাচিত করেছে। তাই আমি আপনাদের সহযোগিতা চাই, যেন আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।
এম এ মালিক অতীত ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতার আগে ও পরে সকল রাজনৈতিক দলের প্রতি সম্মান ও সহমর্মিতা থাকা উচিত। তিনি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এলাকার স্বার্থে উন্নয়ন কার্যক্রমে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমি শুধু একজন সংসদ সদস্য নই, আপনাদের একজন ভাই হিসেবে পাশে থাকতে চাই। রাজনৈতিক বা সামাজিক যে কোনো প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করব।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ দোয়া করা হয়। দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও নায়েবে আমীর এডভোকেট নাজমুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান খালেদ,মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সেক্রেটারি বদরুল ইসলাম।





