জৈন্তায় বালুচাপায় শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৮:০৭:১১ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে নদীর পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি আব্দুল করিমের ছেলে এবং আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পরিবহন শ্রমিক বলে জানা যায়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ ভোর ৪টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফিটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে নিহত যুবক বালুর নিচে চাপা পড়েন। দুর্ঘটনার সময় ভাঙন কবলিত নদীর অংশের পাশে অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





