সিলেটে জমি-জমা নিয়ে মারামারিতে বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৯:৩৭:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সদরের জালালাবাদ থানাধিন জৈনকারকান্দি এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধে দুই মহিলার মধ্যে সংঘটিত মারামারির ঘটনায় আঘাতপ্রাপ্ত আয়ারুন বেগম (৬৩) মারা গেছেন। তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আয়ারুন বেগম জালালাবাদ থানাধিন জৈনকারকান্দি গ্রামের আয়ুবুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিবেশী মহিলার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে মারামারি হয়। এতে উভয় মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে দু’পক্ষই আপোষে মিমাংসায় আগ্রহ দেখালে পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি। চিকিৎসার পর শনিবার বাড়িতে ফেরার পর আয়ারুনের অবস্থার অবনতি ঘটে এবং ওসমানী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, আয়ারুনের মৃত্যুর পর এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





