দক্ষিণ সুরমায় উন্নয়ন কর্মসূচী পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৭:৫৭:৩৩ অপরাহ্ন

0-0x0-0-0#
দক্ষিণ সুরমা উপজেলার সিলামে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাড়ী পরিদর্শন ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
মঙ্গলবার পরিদর্শনকালে তিনি বলেন, সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, এলাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমান এর শ্বশুড়বাড়ি হওয়ার কারণে গত ১৯ বছর এখানে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, খেলার মাঠ, খাল-বিল সবখানেই চরম অবহেলার চিত্র দেখা গেছে।”
এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক কামালউদ্দিন, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদের হুইপ জিকে গউস, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী জানান, এলাকায় ঘুরে অবকাঠামোগত দুরবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। একসঙ্গে সব উন্নয়ন কাজ করা সম্ভব নয়। তবে জরুরি ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত শুরু করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রয়োজনীয় কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।
পরিদর্শনকালে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত ও ধন্যবাদ জানানো হয়। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দক্ষিণ সুরমার উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে। বিজ্ঞপ্তি





