নিকার সভাপতি প্রধানমন্ত্রী, সদস্য মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৭:৫৮:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার) পুনর্গঠন করেছে সরকার। ২০ সদস্যের এই শক্তিশালী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের প্রশাসনিক কাঠামো সংস্কার ও নতুন প্রশাসনিক ইউনিট গঠনের নীতিগত সিদ্ধান্ত নেবে এই কমিটি। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিববৃন্দ।
নিকার মূলত দেশের প্রশাসনিক মানচিত্র এবং কাঠামোগত পরিবর্তনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে কাজ করে। এর প্রধান কাজগুলো হলো নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন বা পুনর্গঠন। নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব বিবেচনা। বিদ্যমান প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিকার-এর সদস্য হিসেবে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবদেরও অন্তর্ভুক্ত করা হবে এবং প্রয়োজনে বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীদেরও কমিটিতে রাখা হবে। বিজ্ঞপ্তি





