জকিগঞ্জে সরকারি ইট গায়েব, গ্রেফতার ৬
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৮:০২:১২ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আধারে তুলে নেয়া হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। উপজেলার কসকনপুর আইয়র গ্রামে সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার সরকারি রাস্তার ইট রাতের আধারে তুলে নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইয়র বিজিবি ক্যাম্প সড়কটি এইচবিবি হেরিং বন্ডের মাধ্যমে কাজ করা হয়েছিল। সম্প্রতি ওই সড়কে সরকারি উদ্যোগে মাটি কাটা হবে এমন সংবাদে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার ইট রাতের আধারে তুলে নেয়া হয়। এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল এ অভিযোগটি দাখিল করেন। তিনি আবেদনে উল্লেখ করেন সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী যদি এভাবে লুটপাট হয়, তাহলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।
অভিযোগের সততা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, তার নেতৃত্বে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বেশ কিছু সরকারি ইট উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এবং ৬ জনকে আটক করা হয়েছে। অভিযানে পুলিশ, বিজিবি, আসনার সদস্য ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।





