এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য : মালিক এমপি
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৮:০৩:৫০ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই আপনাদের সঙ্গে সরাসরি দেখা করা এবং আপনাদের খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব। তিনি বলেন, আপনারা আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা আমার কাছে একটি আমানত। এলাকার মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।
তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় উত্তর কুশিয়ারা ইউনিয়নে সহিহ নিয়ত ট্রাষ্ট-এর পক্ষ থেকে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের অর্ন্তভূক্ত স্বল্প আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এম এ মালিক জানান, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা, কৃষকদের সহায়তা, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নেও কাজ করা হবে। ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





