৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ : সিলেটের ৩ জেলায় দায়িত্বে যারা
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ১০:১৮:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সিলেট বিভাগের ৩টি জেলার মধ্যে সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেয় সরকার।
সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমকে। সুনামগঞ্জ জেলা পরিষদে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান ও মৌলভীবাজারে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান।
জানা গেছে, সিলেটে দায়িত্বপ্রাপ্ত আবুল কাহের চৌধুরী শামীম গত সংসদ নির্বাচনে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিলেন। দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারই পুরস্কার হিসাবে তিনি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।
এদিকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।
মিজান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্ট) প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণায় অংশগ্রহণ করেন।
অপরদিকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।





