শাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন দুই শিক্ষক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ৮:৪৪:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের দুইজন শিক্ষক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১টায় ডিন কার্যালয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
‘রিসার্চার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ‘রিসার্চার অব এক্সেলেন্স’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মাহমুদা ইসলাম।
ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এবং ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরিফিন খান।





