দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪:৪৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে করণীয় বিষয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
জেলা প্রশাসক বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার বা প্রচার না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হতে হবে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস অনুসরণ, তথ্যের সত্যতা যাচাই এবং গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনের মাধ্যমে ডিজিটাল সাক্ষরতা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
উপজেলা সহকারী কমিশনার রাশেদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় আরও বক্তব্য দেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েস এবং বোগলা রুসমত আলী রাম সুন্দর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি সাহাব উদ্দিন সিহাব, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় দোয়ারাবাজার উপজেলা থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।






