সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬:০১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিলের পরদিন সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাদ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আসেফ বখত রাদের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি মো. রতন শেখ জানান, আসেফ বখত রাদকে সিলেট থেকে সুনামগঞ্জে নিয়ে আসা হচ্ছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।





