ওয়ার্ড সচিবদের সঙ্গে সিসিক প্রশাসকের সভা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৭:২৫:৪০ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে ওয়ার্ড সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন| সোমবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান|
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নাগরিকরা বিভিন্ন সেবা নিতে ওয়ার্ড কার্যালয়ে আসেন| ওয়ার্ড সচিবরা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় তারা কর পরিশোধে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন| তিনি বলেন, গৃহকর ও অন্যান্য কর যথাসময়ে পরিশোধে নাগরিকদের সচেতন করতে হবে|
তিনি আরও বলেন, সরকার থেকে প্রাপ্ত উন্নয়ন বরাদ্দ একটি সহায়তা হলেও মূলত সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হয় নিজস্ব রাজস্ব আয় দিয়ে| তাই রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখা কঠিন| নগরের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণকে গৃহকর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি ওয়ার্ড সচিবদের প্রতি অনুরোধ জানান|
সভায় ওয়ার্ড সচিবরা ওয়ার্ড পর্যায়ের কার্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন| এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের আশ্বাস দেন সিসিক প্রশাসক|
সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূরের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস| সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সচিবগণ সভায় উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি




