আম্বরখানায় ড্রেনের স্ল্যাব খোলা , পড়ে আহত বৃদ্ধ
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৩:৩০:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আম্বরখানা এলাকায় খোলা ড্রেনে পড়ে রফিক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। রবিবার (রাত ৯টার দিকে) চন্দনটুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত রফিক মিয়া নগরের উত্তর কাজীটুলা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন বাবুর্চি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, আম্বরখানার চন্দনটুলা এলাকায় অবস্থিত আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উন্নয়ন ও পরিচ্ছন্নতা কাজের জন্য কয়েকটি ড্রেনের স্ল্যাব তুলে রাখা হয়। তবে কাজ শেষ হলেও স্ল্যাবগুলো পুনরায় বসানো হয়নি। ফলে ড্রেনটি দীর্ঘদিন খোলা অবস্থায় পড়ে ছিল।
রবিবার রাতে অন্ধকারের মধ্যে অসাবধানতাবশত ওই খোলা ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হন রফিক মিয়া।
এ বিষয়ে আহত রফিক মিয়া জানান, তিনি এশার নামাজ আদায়ের পর দুর্ঘটনার শিকার হন। সে সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং সড়কের বাতিও নিভে ছিল। ফলে খোলা ড্রেনের স্ল্যাবটি তাঁর চোখে পড়েনি। পথের পাশে দাঁড় করিয়ে রাখা স্ল্যাবে হোঁচট খেয়ে তিনি ড্রেনে পড়ে যান। এতে তাঁর বুক, হাত ও পায়ে আঘাত লাগে।
আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেন, “আল্লাহ বাঁচিয়েছেন, মাথায় আঘাত লাগেনি। তবে মনে হচ্ছে বুকের হাড়ে আঘাত গুরুতর।” তিনি অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের এমন কাজ মোটেও ঠিক হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সিসিকের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত স্থায়ী সমাধান এবং নগরের ঝুঁকিপূর্ণ খোলা ড্রেনগুলো বন্ধ করার দাবি জানান।
চন্দনটুলা এলাকার বাসিন্দা কাওসার হোসেন রকি বলেন, “৫-৬ দিন আগে ড্রেন পরিষ্কারের জন্য স্ল্যাবগুলো তোলা হয়েছিল। কিন্তু কাজ শেষে আর সেগুলো বসানো হয়নি। স্কুলের সামনে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল। তার ওপর রাতে সড়কবাতিও জ্বলে না, পুরো এলাকা অন্ধকারে থাকে। আমরা আগেই দুর্ঘটনার আশঙ্কা করছিলাম, অবশেষে সেটাই ঘটেছে।”
তিনি আরও জানান, স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বৃদ্ধকে উদ্ধার করেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর বলেন, “বিষয়টি আমরা জেনেছি। দ্রুত ব্যবস্থা নিয়ে ড্রেনের স্ল্যাব পুনঃস্থাপন করা হয়েছে এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”





