সড়ক দুর্ঘটনায় তাঁতীদল নেতা জুনেলের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৮:১৪:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তাঁর ছেলেও আহত হয়েছেন।
জুনেল আহমদ দক্ষিণ সুরমার গোপশহরের বাসিন্দা ও নগরের কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক।
সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল জানান, জুনেল আহমদের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ালেখা করে। স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি গোপশহরস্থ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যান। দুর্ঘটনায় তাঁর ছেলে আহত হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।





