নগরে পুলিশি অভিযান: ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, আটক ৯০
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৮:৩৮:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৯০ জনকে গ্রেপ্তার ও ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে করেছে পুলিশ। আজ শুক্রবার নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে (বুধবার দিবাগত) শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ৯০ জনকে আটক বা গ্রেপ্তার করে। তাদের মধ্যে নিয়মিত মামলায় ১২, ওয়ারেন্টভুক্ত আসামি ৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬, সন্দেহভাজন ৩১, মেট্রোপলিটন অধ্যাদেশে ৩২, অটোরিশকাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, গত ৩২ ঘন্টায় আরও ১১৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে (বুধবার দিবাগত) শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১১৯টি যানবাহনের মধ্যে ৫৩টির বিরুদ্ধে মামলা এবং ৬৬টিকে আটক করা হয়েছে। মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৪টি প্রাইভেটকার, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা, ২৬টি মোটরসাইকেল ও ৩টি অন্যান্য যানবাহন।
আর আটক যানবাহনের মধ্যে ৩টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ২৯টি মোটরসাইকেল ও ১১টি অন্যান্য যানবাহন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





