হাকালুকিতে ৫ শতাধিক হেক্টরের নিমজ্জিত আধাপাকা ধান কাটছে কৃষকরা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৭:৪৭:১২ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : টানা বর্ষণ, বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরপাড়ের বড়লেখা উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে| বোরো ফসল তলিয়ে যাওয়ার আশংকায় ইতিমধ্যে কৃষকরা প্রায় ৮০ ভাগ জমির আধাপাকা ধান কেটে নিয়ে গেছেন| ২০ ভাগ পাকা-আধাপাকা ধান অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে| ফসলের ক্ষতিতে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখিন হাজার হাজার প্রান্তিক কৃষক|
ˆবরী অবহাওয়ায় ভারি বর্ষণ আর বজ্রপাত মাথায় নিয়ে হাঁটু ও কোমর পানিতে নেমে কৃষকরা আধাপাকা বোরো ধান কাটায় ঝাপিয়ে পড়েছে| মঙ্গলবার বিকেলে হাকালুকি হাওরপাড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কৃষকদের দ্রুত ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন ইউএনও মাহবুব আলম মাহবুব ও উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন|
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বড়লেখায় ৫ হাজার ৬২৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়| এর মধ্যে ৩ হাজার ৬৯৫ হেক্টর হাকালুকি হাওর এলাকায় এবং ১ হাজার ৯৩০ হেক্টর নন-হাওর এলাকায়| ধানে থোড় বেরুতেই শুরু হয় টানা বৃষ্টিপাত ও বর্ষণ| বিশেষ করে হাকালুকি হাওরাঞ্চলের বোরো ক্ষেত ভারি বৃষ্টি হলেই তলিয়ে যাওয়ার আশংকা থাকে| টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের ফসল তলিয়ে যাওয়ার আশংকায় প্রায় ৩ হাজার হেক্টরের আধাপাকা ধান কেটে নেন কৃষকরা| গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সিংহভাগ অর্ধনিমজ্জিত ও আংশিক নিমজ্জিত হয়ে গেছে অবশিষ্ট ৫ শতাধিক হেক্টরের বোরো ধান| ফলে বাধ্য হয়ে হাঁটু পানি ও কোমর পানিতে নেমে কৃষকরা পাকা ও অর্ধপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন| কৃষকরা বলছেন, সম্পূর্ণ পাকার অপেক্ষা করলে পুরো ধানই নিমজ্জিত হয়ে যাবে| তখন একটি ধানও ঘরে তোলা সম্ভব হবে না| তাই লোকসান হলেও আধাপাকা ধান কেটে নিচ্ছেন|
সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া, খাগটেকা, কামিলপুর, দাসেরবাজার ইউনিয়নের মাইজুমজুড়ি, বর্নি ইউনিয়নের দ্বিতীয়ারদেহী, নোয়াগাও, সুজানগর ইউনিয়নের কটালি বিল (আমবাড়ি, বাঘমারা), তালিমপুর ইউনিয়নের টেকাহালী, বাগিরপার, পোয়ালা বিল, দুধাই বিল, শ্রীরামপুর ও ধর্মদেহী এলাকায় কৃষকদের পানিতে তলিয়ে যাওয়া আধাপাকা ধান কাটতে দেখা গেছে|
উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, আবহাওয়া অধিদপ্তরের দুর্যোগের সতর্কবার্তায় দ্রুত ধান কাটতে কৃষকদের পরামর্শ দিয়েছেন| অনেকে আধাপাকা ধান কেটে নিয়েছেন| এতে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন| ইতিমধ্যে হাকালুকি পাড়ের প্রায় ৯০ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে| অবশিষ্ট বেশ কয়েক হেক্টরের ধান কোথাও সম্পুর্ণ নিমজ্জিত, আংশিক নিমজ্জিত| তবে কৃষকরা নানা প্রতিকুলতার মধ্যেও ধান কেটে ঘরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন|




