পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৮:৩৭:০৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে| বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়| প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন এন্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া এন্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল|
সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া ও পুলিশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায়, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা, সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়| সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজকে স্বাগত জানান| সুসান ভাইজ নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান|
ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জানান, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে ইউনেস্কোর চলমান প্রকল্প রয়েছে| পুলিশের প্রশিক্ষণ নিয়ে আইজিপি’র সঙ্গে আলোচনা হয়েছে| মন্ত্রণালয়ের অনুমতি মিললে আগামী জুনের মধ্যেই তারা প্রশিক্ষণ শুরু করতে চান| মন্ত্রী এ বিষয়ে সম্মতি জানিয়ে দ্রুত প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন| সুসান ভাইজ জানান, জাতীয় নির্বাচনের আগে এসপি এবং ওসি পদমর্যাদার সাত শত পুলিশ অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে|
স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেস্কোর সহযোগিতায় প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের পরামর্শ প্রদান করেন| তিনি এতে পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত অফিসারদের অন্তর্ভুক্ত করা হলে প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে অভিমত ব্যক্ত করেন| তিনি প্রশিক্ষণ কর্মসূচিটি শনিবার অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের জন্য সুবিধাজনক হবে বলে মত প্রকাশ করেন|




