হবিগঞ্জে বিপুল গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৯:৫১:০৬ অপরাহ্ন

সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের একটি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার বেগমখান চা বাগানের মৃত লক্ষীন্দর মোদির পুত্র সাজন মোদি (২৮), চানপুর চা বাগান এলাকার সজল কালিন্দীর পুত্র রিমন কালিন্দী (২১) ও একই এলাকার মৃত সুনীর কালিন্দীর পুত্র সুজন কালিন্দী (২৪)।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মাধবপুর থানাধীন শাহজাহানপুর এলাকার একটি চা বাগানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করলে তল্লাশি চালিয়ে দুটি লাল রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রোববার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটক আসামি ও উদ্ধারকৃত আলামত হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।





