হবিগঞ্জে চেয়ারম্যানের পদ নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:১৫:০১ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে| সংঘর্ষে থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছেন| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে| সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমদ গ্রেফতার হন|
এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবদল নেতা মিজানুর রহমান কপিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন| দীর্ঘদিন কারাভোগ শেষে জাতীয় নির্বাচনের পর ফরিদ আহমদ জামিনে মুক্তি পান| মুক্তির পর তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্যোগ নিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান কপিল এতে আপত্তি জানান| এ নিয়ে উচ্চ আদালতে মামলা হয়|
সোমবার সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান ফরিদ আহমদ উপস্থিত হলে তাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়| এ সময় চেয়ারম্যান ফরিদ আহমদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান কপিলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়|
এক পর্যায়ে ফরিদ আহমদের সমর্থনে নোয়াগাঁও, কদুপুরসহ কয়েকটি গ্রামের লোকজন এবং মিজানুর রহমান কপিলের সমর্থনে হলদারপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন| এতে পুরো ইউনিয়ন পরিষদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়|
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৩ রাউন্ড টিয়ারশেল ও ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে বানিয়াচং থানার ওসিসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন| আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে| বানিয়াচং থানার ওসি নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে| এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|





