এসএমপির ৩২ ঘন্টার সাড়াশি অভিযানে আটক আরো ১৭১
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৪২:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অপরাধ কর্মকান্ড দমনে সিলেট নগরীতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৭১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ১৪০ জন। এইসময়ে ট্রাফিক পুলিশ ১৯৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এর আগে ৩২ ঘন্টায় সর্বোচ্চ ২৪৪ জনকে আটক করেছিল এসএমপি।
এসএমপি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ১৪০ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে ১৫৫ পিস ইয়াবা, ৭৫ বস্তা ভারতীয় জিরা, প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ফেসওয়াশ, ক্লপ-জি ক্রিম, প্র্যাকটিন সিরাপ এবং একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১০১ টি যানবাহন আটক করা হয়।
এছাড়া রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ৩১ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন আসামী, ওয়ারেন্টভুক্ত এবং মাদকসেবী-মাদক কারবারি রয়েছেন।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।




