এমপিদের বিশেষ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৫৪:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ত্রাণ বরাদ্দে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের (এমপি) মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে জাতীয় সংসদে| সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত এমপি আখতার হোসেন| ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়|
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৮৫ লাখ টাকা ও ৯০ টন চাল-গমের যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনে গেছে| তিনি বলেন, দুর্যোগ কিন্তু সরকারি দল, বিরোধী দল দেখে আসে না| জনগণের ট্যাক্সের টাকায় এই বরাদ্দ দেওয়া হয়|
এর জবাবে ত্রাণমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে| যখন যেখানে দুর্যোগ সংঘটিত হয়, জেলা প্রশাসকদের কাছে আমাদের জিআর ক্যাশ এবং জিআর রাইসের বরাদ্দ থাকে| তিনি বলেন, টিআর ও কাবিখা কর্মসূচির ক্ষেত্রে সংসদ সদস্যরা চাহিদাপত্র দিলে সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়| আমার মনে হয় কাল-পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন| এ সময় স্পিকারও বলেন, আপনারাও পেয়ে যাবেন| এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের একই ধরনের অভিযোগ করেন|




