টানা বৃষ্টিতে বাড়ছে পানি
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ৭:২২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে সিলেটে সুরমা ও কুশিয়ারা সহ প্রধান নদ-নদীর পানি আবারও বাড়ছে। তবে বর্তমানে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে আগের ২৪ ঘণ্টার তুলনায় শেষ ১২ ঘণ্টায় প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৬২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সুরমা, কুশিয়ারাসহ সবগুলো নদীর পানি সকল পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। বৃষ্টির এই প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।





