আখাউড়া-সিলেট ডুয়েল গেজে উন্নীত হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৮:২১:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আখাউড়া-সিলেট রেলপথ ডুয়েল গেজে উন্নীত করা হচ্ছে চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম| তিনি বলেন, ইতোমধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি, যেমন আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া সেটা তো আছেই, একই সময়ে আমাদের ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনারের প্রকল্প ইতোমধ্যে পাশ হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটায় কিছু মিটারগেজ-ব্রডগেজ হচ্ছে| মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান|
রেলপথ মন্ত্রী বলেন, মিটারগেজ যেখানে আছে বিশেষ করে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট এতটুকু মিসিং লিংক আছে, সেটা ডুয়েলগেজ ডাবল লাইন হবে| সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে| ঢাকা থেকে কুমিল্লা একটা কর্ড লাইন এটাও খুব জরুরি সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে| এটা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে|
বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে ছিল ৬৪ জেলাকেই আমরা রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করতে চাই| সেই লক্ষ্যে নতুন আরও ১০টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ কিংবা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে| সেটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য রেল লাইন, এটা আমরা উপস্থাপন করেছি|





