বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:২৯:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কারো হাতে গাদা ফুলের মালা, কারো হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। সড়কের দু’পাশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা।
বুধবার সকালে সিলেট নগরীর চৌকিদিখি এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মত সিলেট বিভাগ সফরে আসলেন তারেক রহমান। সিলেট আসার পর দলীয় নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।
সরেজমিন দেখা যায়, সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে চৌকিদেখি এলাকা হয়ে সবুজ চাবাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা
চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়াও সিলেট নগরের আরও তিনটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।
সড়কের পাশে ফুল হাতে দাঁড়িয়ে থাকা চা শ্রমিক মুরালি বলেন, দেশের নেতা আইছে সিলেট। তাই কাজ বন্ধ রেখে সড়কে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি।
সিলেট থেকে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রীর।




