বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ১০:০৪:২৬ অপরাহ্ন

যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক, লেখক ও সংগঠক প্রকৌশলী ফখরুল আলমের সদ্য প্রকাশিত গ্রন্থ ‘বিলেতের আলোকিতজন’-এর পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, আলোকিত মানুষের জীবনদর্শন দেশ ও জাতিকে সমৃদ্ধ করে এবং মানবকল্যাণে এগিয়ে যেতে মানুষকে অনুপ্রাণিত করে।
শনিবার সন্ধ্যায় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এ সাহিত্যসভায় সভাপতিত্ব করেন পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক প্রকৌশলী ফখরুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি প্রিন্সিপাল কালাম আজাদ, কলামিষ্ট আফতাব চৌধুরী, লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কবি ও সমাজচিন্তক সালেহ আহমদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও লেখক মো. নুরুজ্জামান, বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী এবং শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব।
বক্তারা বলেন, গ্রন্থটিতে যুক্তরাজ্যে বসবাসরত মানবসেবায় নিবেদিতপ্রাণ বাঙালিদের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। এটি নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ, সমাজসেবা ও প্রবাসী কমিউনিটির ইতিবাচক অবদান সম্পর্কে জানতে সহায়তা করবে।
প্রিন্সিপাল কালাম আজাদ বলেন, ফখরুল আলম নিজের কমিউনিটিকে ধারণ করে বিলেতের বাঙালি সমাজের আলোকিত মানুষদের নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
আফতাব চৌধুরী বলেন, ব্যক্তি ও সমাজের জন্য নিবেদিত মানুষের জীবনকর্ম তুলে ধরা একটি নৈতিক দায়িত্ব। এই গ্রন্থ মূল্যায়নভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও এমন একটি গ্রন্থ রচনা নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং নবীন-প্রবীণদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।
লেখক প্রকৌশলী ফখরুল আলম বইটি রচনার পেছনের অনুপ্রেরণার কথা তুলে ধরে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু জাফর মোহাম্মদ সালেহ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন লেখক ও গবেষক বেলাল আহমদ চৌধুরী। এছাড়া বিভিন্ন সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত অতিথিরা ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি






