সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৬:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট সীমান্তবর্তী ৫৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি জকিগঞ্জ উপজেলায় স্থাপন করা হয়েছে একটি বেইজ ক্যাম্প।
সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি) সীমান্তবর্তী জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ এলাকায় এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত এসব পূজামণ্ডপে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম, পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় প্রতিনিধি ও পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিবি জানায়, পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রমের সঙ্গে বিশেষ নজরদারিও অব্যাহত রয়েছে।
এ ছাড়া জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) তৈরি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশনে বিজিবি সদস্যরা রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে পূজাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধেও বিজিবির বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।





