জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৬, ৬:৪৬:৫৯ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হালিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত হালিমা খাতুন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুনু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আছাব মিয়ার মেয়ে হালিমা খাতুনের সঙ্গে সুনু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সুনু মিয়া মালয়েশিয়ায় চলে যান। এরপর থেকে পারিবারিক কলহ চলছিল বলে নিহতের পরিবারের দাবি।
শনিবার বিকেলে পরিবারের সদস্যরা হালিমার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে তাকিয়ে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে, ঘটনার পর নিহতের স্বজনরা বাড়িতে এসে এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ তুললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দিন জানান, নিহতের স্বজনেরা হত্যার অভিযোগ করায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






