জামালগঞ্জে হাওর থেকে শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৬, ৮:৩৫:১১ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বল হাওর থেকে আকমল হোসেন (৩৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকমল হোসেন উপজেলার ভীমখালী ইউনিয়নের পুরান চান্দবাড়ী গ্রামের বাসিন্দা এবং আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে তার পরিবার চলত তার উপার্জনের ওপর।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জাল ও নৌকা নিয়ে পাশের উপজেলার বল হাওরে মাছ ধরতে যান আকমল হোসেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সারা রাত অপেক্ষার পর মঙ্গলবার সকালে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তার খোঁজ শুরু করেন। এ ঘটনায় তার বড় ভাই মকবুল হোসেন জামালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিকেল প্রায় ৩টার দিকে বল হাওরে আকমলের মাছ ধরার নৌকা দেখতে পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে নৌকার পাশেই তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার জানান, নিখোঁজ হওয়ার পর বল হাওর থেকে আকমল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






