তাহিরপুরে লক্ষাধিক ভারতীয় বিড়ি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৮:৫৪:৪৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে যৌথ অভিযানে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দীন (পাতার) বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফকিরনগর গ্রামে আব্দুল কুদ্দুসের বাড়িতে গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি (মানিক তাহিরপুর) এবং মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিড়ির চালানটি জব্দ করেন।
স্থানীয়দের অভিযোগ, ফকিরনগর গ্রামের শব্দর আলীর ছেলে আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও তারা দাবি করেন। অভিযানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। পরে উদ্ধার করা বিড়িগুলো বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়।
এসআই সজল জানান, উদ্ধারকৃত ভারতীয় বিড়ির ঘটনায় আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






