টাঙ্গুয়ায় গোসলে নেমে পর্যটকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ৭:২৮:০৬ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে মো. আলী আকবর খাঁন (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন হিজল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর খাঁন সিরাজগঞ্জ সদর উপজেলার বোনেরগাতী গ্রামের মৃত আহমেদ আলী খাঁনের ছেলে।
জানা গেছে, সকালে মধ্যনগর উপজেলা থেকে ‘সাগর পরিবহন’ নামে একটি পর্যটকবাহী হাউজবোটে করে স্ত্রী, ছেলে-মেয়ে, মেয়ের জামাই ও অন্যান্য স্বজনদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন তিনি। পরে ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছসংলগ্ন এলাকায় গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা স্বজন ও অন্য পর্যটকরা তাকে দ্রুত উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের স্ত্রী ও ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।






