তাহিরপুরে ভারতীয় মদ জব্দ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৬, ৯:৫৫:২৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদের বোতল জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তঘেঁষা বারেকটিলা এলাকা থেকে এসব মদ জব্দ করেন মাদকবিরোধী ঐক্য পরিষদ তাহিরপুর উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান। পরে খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সজল ঘটনাস্থলে গেলে জব্দ করা মদ তাঁর কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তাহিরপুর থানায় দুই মাদক কারবারির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মাদক কারবারিরা বারেকটিলার জঙ্গলে ভারতীয় মদের বোতল লুকিয়ে রাখে। এ সময় মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ৮ কার্টন ভারতীয় মদের বোতল ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। স্থানীয় এলাকাবাসী জানান, বারেকটিলা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অবাধে ভারত থেকে মাদকসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য চোরাই পথে দেশে এনে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি, সেবনকারী ও চোরাচালান প্রতিরোধে পুলিশ কাজ করছে।






