বিশ্বম্ভরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৭:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬ সালে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এর মধ্যে পলাশ উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, মজিদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, শক্তিয়ার উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, কাটাখালি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, রতারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং ভাদেরটেক ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, অভিভাবক শহিদুল ইসলাম এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুবহানাল বিনতে শহিদ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম মাহদী এবং ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওরীন আক্তার পুষ্প।
সভাপতির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। দেশ ও জাতি গঠনে তোমাদের আরও উচ্চশিক্ষা অর্জন করতে হবে।’ তিনি শিক্ষার্থীদের প্রত্যাশাকে সামনে রেখে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি






