হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৩:২৯ অপরাহ্ন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকারের গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির ২৫টি বৃক্ষের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার আলোকে সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এ কার্যক্রম পরিচালনা করছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দফা সফলভাবে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো ক্যাম্পাসে বৃক্ষের চারা রোপণ করা হলো।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, শুধু বৃক্ষের চারা রোপণ করাই নয়, সেগুলোর পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণ বৃক্ষে পরিণত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি






