দুই গণমাধ্যমকর্মীর মানহানির অভিযোগে ডিবির তদন্ত প্রতিবেদন আদালতে
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০:১২ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রাথমিক সত্যতা পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলায় তানভীর আহমেদ জাকির ও মো. আব্দুস সালামের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ১১ জানুয়ারি উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা ও জাতীয় দৈনিক ঘোষণার ছাতক উপজেলা প্রতিনিধি ফজল উদ্দিন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ২৩/২০২৬। আদালত মামলাটির তদন্তভার সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখাকে দেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাদী ফজল উদ্দিনের অভিযোগ অনুযায়ী, আসামিরা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে বাদী এবং মামলার সাক্ষী, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামানের নামে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করেন। এসব পোস্টের মাধ্যমে সামাজিকভাবে তাদের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, সামগ্রিক তদন্তে বাদীর আনীত অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
তদন্তকারী কর্মকর্তার মতামতে বলা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের আলোকে তানভীর আহমেদ জাকির ও মো. আব্দুস সালামের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
এ অবস্থায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়েছে।







