শরিয়াহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৩:৪৭ অপরাহ্ন

সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল বাতিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকট এবং মূল্যস্ফীতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর শাখা। শুক্রবার বাদ জুমআ’ বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জেলা সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মো. মোরশেদ আলম। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






