পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে : শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:১৬:১১ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশের জেলা পর্যায়ের বিদ্যমান স্টেডিয়াম ও খেলার মাঠগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামোয় রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি বিদ্যমান মাঠ ও স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলায় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
তিনি জানান, স্টেডিয়ামগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি এবং নগর এলাকার ওয়ার্ড পর্যায়েও ছোট মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গলের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে আমিনুল হক বলেন, ক্রিকেট একাডেমির পাশাপাশি স্থানীয় মাঠ ও ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় সুবিধা উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া শ্রীমঙ্গলে মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রস্তাবিত দুটি স্থান পরিদর্শন করেন তিনি। রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, দেশের যেসব খেলার মাঠ অবৈধ দখলে রয়েছে, সেগুলো উদ্ধার করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তরুণদের মাদক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ও শৃঙ্খল জীবনযাপনে খেলাধুলার বিকল্প নেই। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম নির্মাণের দুটি স্থান পরিদর্শন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।





