প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে : মুফতি আলী হাসান উসামা
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:১৭:৪১ অপরাহ্ন

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মুফতি আলী হাসান উসামা বলেছেন, প্রযুক্তির উন্নতি ও উৎকর্ষতায় বিশ্ব এগিয়ে গেলেও এর নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীরা মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। প্রযুক্তির মাধ্যমে অনেক সমস্যার সমাধান সহজে করা গেলেও এর ক্ষতিকর দিকগুলো অভিভাবকদের উপলব্ধি করতে হবে। নতুন প্রজন্মের কাছে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের সৌন্দর্য, চারিত্রিক অনুপম দৃষ্টান্ত ও আদর্শের কথা তুলে ধরা জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি উসওয়ায়ে হাসানাহ। মঙ্গলবার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও, সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে এবং সীরাত উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা হানীফ হোসাইন ও সদস্যসচিব মাওলানা আমীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। প্রধান অতিথির বক্তব্য দেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুর রহমান বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য প্রতিযোগিতা একটি সুন্দর মাধ্যম। শিক্ষার্থীদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে মেধা ও চরিত্র গঠনের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের প্রচার ও প্রসারের মাধ্যমে জাতি আলোর দিশা পাবে। যাবতীয় অন্যায় ও অবিচার থেকে মুক্তির জন্য তাঁর আদর্শ অনুসরণ করা অপরিহার্য। অনুষ্ঠানে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় সিলেট সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, জামেয়া নাজিরেরগাঁও শাখার সাবেক ইনচার্জ মাওলানা জুনাইদ আল হাবিব, সিলেট আইডিয়াল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রভাষক দুলাল আহমদ, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম ও মাওলানা মুখতার হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী আরিফুল ইসলাম নাবিল। পরে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠী, সিলেটের সাবেক পরিচালক শিল্পী সানাউল ইসলাম সুয়েজ, শিক্ষক হাফিজ ইমরান আহমদ এবং শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি





