হবিগঞ্জে ছেলের কোপে বাবা নিহত
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৯:১০:৩১ অপরাহ্ন

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় তাঁর ছেলে ইয়াফিনকে (১৮) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ইয়াফিন নেশাগ্রস্ত ছিলেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াফিন নিয়মিত নেশা করতেন। নেশার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হতো। মঙ্গলবারও নেশাগ্রস্ত অবস্থায় ইয়াফিন বাবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে উত্তেজিত হয়ে বটি দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই সাহাব উদ্দিনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, ইয়াফিন নেশাগ্রস্ত ছিলেন। নেশার টাকার জন্যই তিনি বাবাকে হত্যা করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






